কুড়িগ্রামের উলিপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্টার টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর হামলার শিকার হয়েছেন। বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। হামলার পর পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়।
আহত সাংবাদিকের অভিযোগ, অনুষ্ঠানে ভিডিও ও ছবি ধারণের সময় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাঁকে অডিটোরিয়াম থেকে বাইরে নিয়ে যান। মোটরসাইকেলে উঠতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং মাথায় আঘাত করা হয়। তিনি দাবি করেন, হামলার কারণ সম্পর্কে নিশ্চিত নন; তবে পূর্বে প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে।
ঘটনার সময় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিকসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” উল্লেখ করে বলেন, দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, আজকের পত্রিকা, দৈনিক করতোয়া ও CZN24।





