স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর’ তথ্য প্রচারের অভিযোগে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়ার একটি আদালত অভিযোগটি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।
চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম। সোমবার (১৫ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ (মানহানি), ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়েছে, ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট প্রচার করা হয়। এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর জাতীয় সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্যও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
FoEBD-এর পর্যবেক্ষণে, সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা নতুন নয়। তবে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এ ধরনের মামলায় যথাযথ প্রক্রিয়া, প্রমাণভিত্তিক তদন্ত এবং আইন প্রয়োগে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ গুরুত্বপূর্ণ। অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব আদালত ও তদন্তকারী সংস্থার।
সোর্স: The Daily Star, যুগান্তর, কালবেলা।





