October 29, 2026 3:20 pm
October 29, 2026 3:20 pm

কুমিল্লায় সংবাদ সংগ্রহের পথে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সংবাদ সংগ্রহের পথে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের পথে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ঘটনাস্থলকে শ্রীমন্তপুর এলাকাও বলা হয়েছে।

হামলার শিকার তিন সাংবাদিক হলেন— যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন,  ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এবং কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু  ও স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার এবং কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ।

কী ঘটেছিল

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে তারা উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করেন।

সাংবাদিক তানভীর দীপুর ভাষ্য অনুযায়ী, স্থানীয়দের তৈরি একটি লোহার ব্যারিকেডের কারণে কয়েকটি গাড়ি আটকে যানজট তৈরি হয়েছিল। তিনি ব্যারিকেড সরিয়ে গাড়িগুলো চলাচলের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শাওন নামে এক স্থানীয় যুবকের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন। পরে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

তানভীর দীপুর অভিযোগ, ওই যুবক পরে হাতে রড নিয়ে তাঁদের দিকে এগিয়ে আসেন। স্থানীয় কয়েকজন তাকে সেখান থেকে সরিয়ে নেন। সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করার সময় ওই যুবক পেছন থেকে এসে আবদুল্লাহ আল মারুফের ঘাড়ে আঘাত করেন বলে তাঁর বক্তব্য। মারুফ মাটিতে পড়ে যান এবং তানভীর দীপুও হামলার শিকার হন বলে তিনি জানান।

আবদুল্লাহ আল মারুফ বলেন, লোহার ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করার কারণেই হামলা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, তিনি পুরো ঘটনাটি সামনে থেকে দেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছিলেন এবং সাংবাদিক পরিচয় জানার পর তাঁর আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

থানায় অভিযোগ, অভিযুক্তকে ধরতে অভিযান

হামলার পর সাংবাদিকদের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সাংবাদিক সংগঠনগুলোর প্রতিবাদ

তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হামলা, হুমকি বা হয়রানির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে কুমিল্লা প্রেস ক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান অভিযুক্ত শাওনসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র : কালবেলা, স্টার নিউজ, সময়ের কণ্ঠস্বর, ডেইলি বাংলা পোস্ট, রাইজিং কুমিল্লা এবং দৈনিক স্বাধীন সংবাদ।


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »