অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর কারওয়ান বাজারে সাংবাদিক হাবিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় Star News-এর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুল ইসলাম হাবিব ও তার সহকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেকে অবরুদ্ধ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে জানানো হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ এপ্রিল ২০২৬ কারওয়ান বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। এর আগে “কারওয়ান বাজারে ২৪ ঘণ্টায় কোটি টাকার চাঁদাবাজি” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে স্টার নিউজ। সংশ্লিষ্ট প্রতিবেদনে এলাকাভিত্তিক চাঁদাবাজি সিন্ডিকেটের কার্যক্রম তুলে ধরা হয় বলে জানা গেছে।
সাংবাদিক হাবিবুল ইসলামের অভিযোগ, প্রতিবেদন প্রচারের পর থেকেই সংশ্লিষ্ট চক্রটি তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। পরে প্রতিবেদনের দ্বিতীয় অংশের তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে ও তার ভিডিও জার্নালিস্টসহ ক্যামেরা টিমকে ঘিরে ফেলে।
তিনি দাবি করেন, হামলাকারীরা তাদের প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে, শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় ক্যামেরা টিমের সদস্যদের ওপরও হামলা চালানো হয় এবং তাদের মানসিকভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
পরে এক জ্যেষ্ঠ সাংবাদিক ও পুলিশের সহায়তায় তারা ঘটনাস্থল থেকে নিরাপদে বের হতে সক্ষম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিক নেতারা বলেছেন, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকারের জন্য হুমকি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





