বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই। রোববার (৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার (কেজেএফডি) এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃণাল কৃষ্ণ রায় জাতীয় প্রেস ক্লাবের অনারারি আজীবন সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস ও বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসে সাংবাদিকতা করেছেন। পাশাপাশি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০২৪ সালে তিনি মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের নির্বাহী সদস্য নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালে তিনি The Observer-এর সাংবাদিক ছিলেন। ২৫ মার্চের গণহত্যার প্রত্যক্ষ অভিজ্ঞতার পর কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। কামাল লোহানীর অনুরোধে তিনি সেখানে ট্রান্সক্রিপশন সেকশনে কাজ করেন।
২০২২ সালে মৃণাল কৃষ্ণ রায়কে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হিসেবে সম্মাননা দেওয়া হয়। একই বছর জাতীয় প্রেস ক্লাব তাঁকে অনারারি আজীবন সদস্যপদ প্রদান করে।
তাঁর পৈত্রিক নিবাস কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রাসাদ গ্রামে। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে রেখে গেছেন। তাঁর ছেলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশার প্রতি নিষ্ঠা, মুক্তিযুদ্ধের স্মৃতি ও সাংবাদিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে মৃণাল কৃষ্ণ রায় রেখে গেলেন তাঁর নিজস্ব পরিচয় ও কর্মের স্মৃতি। তাঁর মৃত্যুতে প্রবীণ এই সাংবাদিকের সহকর্মী, সাংবাদিক সংগঠন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন।





