দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়।
সভাপতির পাশাপাশি ১০ জন পরিচালকও নির্বাচিত হয়েছেন। তারা হলেন তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস এম হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার।
আলতামাশ কবির দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক। ২০১৮ সালে তাঁর সম্পাদনাকালে দৈনিক সংবাদ সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রেস কাউন্সিল পদক লাভ করে।
২০২৬-২৭ মেয়াদের জন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক হিসেবে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি প্রেস কাউন্সিলের বোর্ড সদস্য হিসেবেও দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০০৯-১০ এবং ২০১২-১৩ মেয়াদে তিনি এ দায়িত্বে ছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ট্রাস্টি ছিলেন। তিনি নোয়াবের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষও ছিলেন।
আলতামাশ কবির লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (LSE)-এর গ্র্যাজুয়েট।
তিনি LSE Alumni Association of Bangladesh-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০১৯ সালে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হন।
৫ সেপ্টেম্বর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র





