ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর রহমান রুবেল।
সোমবার (২৬ অক্টোবর) ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর কলেজের অধ্যক্ষের দায়ের করা চাঁদাবাজির মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
অরিত্র কুণ্ডুর অভিযোগ, কলেজের প্রাচীরের সরকারি ইট সরিয়ে নেওয়ার তথ্য সংগ্রহ করতে তিনি সেখানে গিয়েছিলেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় তাঁকে ও তাঁর সহযোগীকে মারধর করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
অরিত্রের বাবার অভিযোগ, সম্প্রতি স্থানীয় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার সংবাদ প্রকাশের কারণে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ মাসে অরিত্র নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগও করেছিলেন বলে কালবেলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, দুই সাংবাদিক অধ্যক্ষের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ অভিযোগে অধ্যক্ষ বিজন কুমার সরকার মামলা করেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, অধ্যক্ষের দায়ের করা মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
তথ্যসূত্র





