আয়োজকদের ঘোষণায় বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট আয়োজন নিরাপদ মনে হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও অনানুষ্ঠানিকভাবে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, ভারতের নর্থইস্ট নিউজের এক প্রতিবেদনে কনসার্ট বাতিলের পেছনে অর্থায়ন ও শিল্পীর পারিশ্রমিক নিয়ে জটিলতার কথা বলা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাকি আলীর পক্ষ থেকে আগাম পুরো পারিশ্রমিক দাবি করা হয়েছিল। তবে এ বিষয়ে আয়োজক ও শিল্পীর পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। ফলে কনসার্ট বাতিলের আর্থিক কারণটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ইতিমধ্যে যাঁরা টাকা ফেরতের আবেদন করেছেন, তাঁদের অর্থ ফেরতের প্রক্রিয়া ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হয়েছে। যাঁরা এখনো আবেদন করেননি, তাঁদের ইমেইলে পাঠানো বার্তার ‘Get my refund’ অপশনে ক্লিক করতে হবে। এরপর বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত নেওয়া যাবে।
আগামী ১৬ নভেম্বরের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটে টাকা ফেরত পাঠানো হবে। সে ক্ষেত্রে সাত থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে।
তিন বছর পর বাংলাদেশে আসার কথা ছিল
‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামে এই আয়োজনের প্রথম কনসার্টটি ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউতে হওয়ার কথা ছিল। দ্বিতীয়টি ১৩ নভেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে আয়োজনের পরিকল্পনা ছিল। দুটি অনুষ্ঠানেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের কয়েকটি ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল।
এর আগে ২০২৩ সালে ঢাকায় একক কনসার্টে গান পরিবেশন করেছিলেন লাকি আলী। ‘ও সনাম’, ‘এক পল কা জিনা’ ও ‘না তুম জানো না হাম’ গানের জন্য পরিচিত এই শিল্পীর প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিল হওয়ায় দর্শকদের সেই অপেক্ষা পূরণ হচ্ছে না।
তথ্যসূত্র:





