রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), সাবেক পিজি হাসপাতালে চ্যানেল এসের স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর কলাবাগান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক শুভ। ১১ নভেম্বর হাসপাতালের ব্লক এ ও বি-এর মাঝামাঝি বটতলায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক শুভর অভিযোগ, তিনি সহকর্মী ও সাংবাদিক এস এম রিয়েল রোমানের জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি আশপাশের মানুষের পরিচয় জানতে এবং তাঁদের ছবি তুলতে শুরু করেন।
একপর্যায়ে তাঁরা শুভর ছবি তুলতে চাইলে তিনি কারণ জানতে চান। পরে নিজের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখান। অভিযুক্ত ব্যক্তিরা পরিচয়পত্রের ছবি মোবাইলে ধারণ করেন এবং তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন।
শুভর ভাষ্য অনুযায়ী, তাঁদের সঙ্গে ভদ্রভাবে কথা বলার অনুরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে ৭ থেকে ৮ জন তাঁকে ঘিরে ধরে কিল, ঘুষি ও চড় মারেন।
তিনি হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে সহযোগিতা চান। আতিয়ার নামের একজন আনসার সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ফিরলেও হামলাকারীরা ওই সদস্যকে চলে যেতে চাপ দেন বলে অভিযোগ করেন শুভ। আনসার সদস্য চলে যাওয়ার পর আবারও তাঁকে মারধর করা হয় বলে তাঁর অভিযোগ। এ সময় ঘটনা নিয়ে বাড়াবাড়ি বা সংবাদ প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি কলাবাগান থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
তথ্যসূত্র:





