বাংলার মাঠে একসময় হাডুডু ছিল জনপ্রিয় খেলা। গ্রামে গ্রামে বসত প্রতিযোগিতা। তরুণেরা অংশ নিতেন। দর্শকেরাও ভিড় করতেন। প্রকাশিত কয়েকটি সংবাদপ্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রিটিশ সরকার একসময় হাডুডু খেলা নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞার পেছনে ছিল খেলাটিকে ঘিরে তরুণদের সংগঠিত করার উদ্যোগ। প্রতিবাদের মুখে পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলেও এসব প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
ছাত্র সংঘের উদ্যোগ
ঢাকা ট্রিবিউন-এর ২০১৬ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত ‘A tale of kabaddi, kabaddi, প্রতিবেদনে কলকাতার সমাজকর্মী নারায়ণ চন্দ্রের কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তিনি ১৯২৩ সালে ‘ছাত্র সংঘ’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে বাংলায় হাডুডু খেলার প্রসারে উদ্যোগ নেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, খেলাটির মাধ্যমে তরুণদের মধ্যে শারীরিক সক্ষমতা ও উদ্দীপনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। ব্রিটিশ সরকার ১৯৩১ সালে হাডুডু খেলা নিষিদ্ধ করে। একই সঙ্গে ছাত্র সংঘের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ আছে। পরে প্রতিবাদের মুখে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
নিষেধাজ্ঞার সাল নিয়ে অমিল
২০১৮ সালের ৬ সেপ্টেম্বর দৈনিক সংগ্রাম-এ নুরুল আমিন মিন্টুর লেখা ‘কাবাডি’র শত বছর ও গ্রামবাংলার ঐতিহ্য’ প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯২৩ সালে নারায়ণ চন্দ্রের উদ্যোগে কলকাতা ও তৎকালীন পূর্ব বাংলায় হাডুডু খেলার প্রসার ঘটে। এতে বাংলার তরুণদের মধ্যে উৎসাহ তৈরি হয়। বিষয়টি ব্রিটিশ সরকার ভালোভাবে নেয়নি বলে লেখাটিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৩০ সালে ব্রিটিশ রাজের এক আদেশে ভারতবর্ষে কাবাডি নিষিদ্ধ করা হয়। পরে বাংলার জাতীয়তাবাদী নেতাদের প্রতিবাদের মুখে ১৯৩১ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
অর্থাৎ দৈনিক সংগ্রাম নিষেধাজ্ঞার সাল বলেছে ১৯৩০। আর ঢাকা ট্রিবিউন বলেছে ১৯৩১।
রবীন্দ্রনাথ, গান্ধী ও সুভাষচন্দ্র বসুর সমর্থনের দাবি
২০১৫ সালের ২০ আগস্ট দৈনিক অগ্রসর-এ ‘ফরিদপুরে প্রথম কাবাডি খেলার সূচনা হয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নারায়ণ চন্দ্রের উদ্যোগ এবং ছাত্র সংঘের কথা বলা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ব্রিটিশ সরকার ১৯৩১ সালে কাবাডি খেলা বন্ধ করে এবং ছাত্র সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করে।
এতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আন্দোলনকে সমর্থন করেছিলেন। জেমস বুকাননও নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগে ছাত্র সংঘকে সহযোগিতা করেছিলেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে। তবে এই ব্যক্তিদের সমর্থন বা ভূমিকার পক্ষে প্রতিবেদনে কোনো চিঠি, বিবৃতি বা সমকালীন সংবাদপত্রের উদ্ধৃতি দেওয়া হয়নি।
হাডুডু ও কাবাডি কি একই খেলা?
বাংলাদেশে হাডুডু নামে পরিচিত খেলাটির সঙ্গে আধুনিক কাবাডির সম্পর্ক রয়েছে। তবে দুই খেলার নিয়মে পার্থক্য আছে। ঢাকা ট্রিবিউন-এর প্রতিবেদনে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের কোচ সুবিমল চন্দ্র দাসের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তাঁর মতে, হাডুডু ও আধুনিক কাবাডির মধ্যে মাঠের মাপ এবং খেলার নিয়মে পার্থক্য রয়েছে। হাডুডুর নিয়ম অঞ্চলভেদে বদলাত। আধুনিক কাবাডিতে নির্দিষ্ট সময় ও নিয়ম অনুসরণ করা হয়।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ১৯১৮ সালে ভারতের মহারাষ্ট্রে প্রথমবার খেলাটির নিয়ম মানসম্মত করার উদ্যোগ নেওয়া হয়। ১৯৫০ সালে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন গঠিত হয়। বাংলাদেশে ১৯৭২ সালে হাডুডুকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়। পরে খেলাটির নাম কাবাডি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
নিষেধাজ্ঞার মূল নথি
হাডুডু নিষিদ্ধের ঘটনা নিয়ে পাওয়া সংবাদপ্রতিবেদনগুলোতে ব্রিটিশ সরকারের আদেশের কথা বলা হয়েছে। কিন্তু এ অনুসন্ধানে সেই আদেশের মূল কপি, গেজেট বা সমকালীন সরকারি নথি পাওয়া যায়নি। নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট তারিখ নিয়েও সূত্রে অমিল রয়েছে। দৈনিক সংগ্রাম ১৯৩০ সালকে নিষেধাজ্ঞার বছর বলেছে। ঢাকা ট্রিবিউন ও দৈনিক অগ্রসর ১৯৩১ সালের কথা বলেছে।
তাই নিষেধাজ্ঞা জারির সুনির্দিষ্ট তারিখ এবং প্রত্যাহারের তারিখ নিশ্চিত করা যাচ্ছে না।
তথ্যসূত্র
১. A tale of kabaddi, Bangladesh’s national sport — The Dhaka Tribune, 15 December 2016
২. কাবাডি’র শত বছর ও গ্রামবাংলার ঐতিহ্য — দৈনিক সংগ্রাম, ৬ সেপ্টেম্বর ২০১৮
৩. ফরিদপুরে প্রথম কাবাডি খেলার সূচনা হয় — দৈনিক অগ্রসর, ২০ আগস্ট ২০১৫





